মিরসরাইয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন
News

মিরসরাইয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন

"বাংলাদেশে প্রথমবারের মতো সামরিক সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।"

Author

By Editor

প্রকাশিত 5 মাস আগে • 2 মিনিট পড়ার সময়

বাংলাদেশে প্রথমবারের মতো সামরিক সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর গভর্নিং বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা শেষে বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত) আশিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রতিরক্ষা খাতে নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলা জরুরি হয়ে উঠেছে। সাম্প্রতিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে দেখা গেছে, হাইটেক অস্ত্রের তুলনায় গোলাবারুদ ও মৌলিক সামরিক সরঞ্জামের ঘাটতিই বড় সংকট হিসেবে দেখা দেয়।

সভায় জানানো হয়, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের মাস্টারপ্ল্যানে প্রায় ৮০ একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত কিন্তু পরবর্তীতে বাতিল হওয়া প্রায় ৮৫০ একর জমিকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আশিক চৌধুরী বলেন, এই এলাকাটি পুনঃব্যবহারযোগ্য হওয়ায় বেজার মাস্টারপ্ল্যানে এটিকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনিয়োগ প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশে একটি সরকারি সমরাস্ত্র কারখানা থাকলেও নতুন এই জোনটি হবে ব্যক্তি খাতভিত্তিক। এখানে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা অংশ নিতে পারবেন এবং এখান থেকে উৎপাদিত সামরিক সরঞ্জাম বিদেশে রপ্তানির সুযোগও থাকবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিরক্ষা শিল্পে চাহিদা দ্রুত বাড়ছে এবং সরবরাহ সংকটের সময়ে নিজস্ব উৎপাদন সক্ষমতা থাকা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য ফিড 0

🔒
ইন্টেলিজেন্স কমিউনিটিতে যোগ দিন

কথোপকথনে অংশ নিতে এবং আপনার মতামত শেয়ার করতে লগইন করুন।

রিভিউ করতে লগইন
এখনও কোনো ইন্টেলিজেন্স রিভিউ প্রকাশিত হয়নি। প্রথম আপনার মতামত শেয়ার করুন।